প্রতীকী ছবি
হবিগঞ্জের নবীগঞ্জে উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়কের দেওপাড়া এলাকায় ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে এক সবজি ব্যবসায়ী নিহত হয়েছেন। রবিবার (৫ অক্টোবর) সকাল ৬টা ২০ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটেছে।
নিহত ব্যবসায়ীর নাম আজমত আলী (৪০)। তিনি সিলেটের ওসমানীনগর উপজেলার সাদীপুর এলাকার সাজিদ আলীর পুত্র।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকালে আজমত আলী খালি পিকআপ (ঢাকা মেট্রো-ন-১৯-২৩৩৪) নিয়ে শ্রমিকসহ সবজি কিনতে যাচ্ছিলেন। পথিমধ্যে নবীগঞ্জ উপজেলার জনতার বাজার সংলগ্ন দেওপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা সবজি বোঝাই একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-১২-২৩২৪) পিকআপটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই আজমত আলী নিহত হন।
দুর্ঘটনার পর ধাক্কা দেয়া ট্রাকটি উল্টে যায়। হাইওয়ে পুলিশের সার্জেন্ট শিশির মনিসহ পুলিশ সদস্যরা ঘটনাস্থল থেকে ট্রাকটি জব্দ করেছেন। তবে এর চালক পালিয়ে গেছেন।
বিষয়টি নিশ্চিত করে শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের দেওয়ান জানান, দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। ট্রাকচালককে আটকের চেষ্টা চলছে।
জৈন্তা বার্তা/আরআর




