হবিগঞ্জে এক নারীকে ধর্ষণের মামলায় ফেনী থেকে আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব। বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে তাকে ফেনী জেলার দাগনভুইয়া থানার জিরোপয়েন্ট এলাকা থেকে ফয়েজ মিয়া (৩০) নামের ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত ফয়েজ মিয়া হবিগঞ্জ জেলার মাধবপুর থানার এক্তিয়ারপুর গ্রামের ইছব আলীর ছেলে।
ঘটনার বিবরণ দিয়ে র্যাব জানায়, ভিকটিম নারী মাধবপুর থানার ঠাকুরবাড়ি এক্তিয়ারপুর গ্রামের বাসিন্দা। গত ২৬ সেপ্টেম্বর মায়ের সাথে ঝগড়া করে ওই নারী এক্তিয়ারপুর বাজারে চলে যান। রাতে বাজারে দেখে গ্রামের এক চাচা তাকে বাড়ি পৌঁছে দেওয়ার জন্য সাথে যেতে বলেন। পথিমধ্যে একই গ্রামের বাসিন্দা ফয়েজ মিয়ার সাথে দেখা হলে সে ওই নারীকে বাড়িতে পৌঁছে দেওয়ার আশ্বাস দিয়ে চাচার কাছ থেকে নিয়ে যায়। কিছুদূর যাওয়ার পর ফয়েজ মিয়া ভিকটিমকে জোর করে জনৈক মহিবুলের পুকুরপাড়ে গোয়ালঘরে নিয়ে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করেন। পরে তাকে সেখানে ফেলে রেখে চলে যান ফয়েজ।
এ ঘটনায় ভিকটিম বাদী হয়ে মাধবপুর থানায় মামলা দায়ের করেন। মামলার পর থেকে র্যাব ঘটনার ছায়া তদন্ত শুরু করে এবং ফেনী থেকে ফয়েজ মিয়াকে গ্রেপ্তার করে।
জৈন্তা বার্তা/আরআর




