হবিগঞ্জের মাধবপুর উপজেলার বেজুড়ার কাছে ঢাকা-সিলেট মহাসড়কে বাস উল্টে ৬ মাস বয়সী এক শিশুসহ দুইজন নিহত হয়েছেন। সোমবার (২৭ অক্টোবর) সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটেছে।
নিহত একজনের নাম বাদল (২৫)। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার বীরপাশা গ্রামের পন্টু মিয়ার ছেলে। আর নিহত ৬ মাস বয়সী শিশুর নাম আলী হায়দার বলে জানা গেলেও তার পিতার নাম ও ঠিকানা পাওয়া যায়নি।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি আবু তাহের দেওয়ান জানান, বাসটি চুনারুঘাট উপজেলার মুড়ারবন্দ মাজার থেকে বিজয়নগরের বীরপাশায় ফেরার পথে সোমবার সকাল ৭টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের বেজুড়া নামক স্থানে পৌঁছার পর নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পাশের খাদে পড়ে যায়। এতে বাদল ও শিশু আলী হায়দার ঘটনাস্থলেই নিহত হন। আহত হন কমপক্ষে ২৫ জন। পথচারীরা আহতদের উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
হাসপাতালের জরুরি বিভাগে যোগাযোগ করে জানা যায়, আহতদের কারও অবস্থাই আশঙ্কাজনক নয়।
জৈন্তা বার্তা/আরআর




