আজমিরীগঞ্জ রোপা আমনে দোল খাচ্ছে কৃষকের স্বপ্ন
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২:৫৫ AM

আজমিরীগঞ্জ রোপা আমনে দোল খাচ্ছে কৃষকের স্বপ্ন

আশিকুর রহমান, আজমিরীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০৫/১১/২০২৫ ০২:১৩:০১ AM

আজমিরীগঞ্জ   রোপা আমনে দোল  খাচ্ছে কৃষকের স্বপ্ন

ছবি: জৈন্তা বার্তা


হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার মাঠজুড়ে সবুজের সমারোহে দোল খাচ্ছে কৃষকের স্বপ্ন। স্নিগ্ধ সকালের রোদ্দুরে কৃষকের সোনালি স্বপ্ন দেখা দিয়েছে রোপা আমনের পরতে পরতে। রোপা আমন ধানের শীষ বাতাসে দুলছে আর ভালো ফলনের আশা জাগাচ্ছে। প্রকৃতি যেন রোপা আমন মাঠে সবুজ রঙ ছড়িয়ে-ছিটিয়ে দিয়ে এর রূপ আরও বৃদ্ধি করে দিয়েছে। সবুজে ঘেরা রোপা আমনের মাঠে এখন ফসল ভালো রাখতে ও ধানের উৎপাদন বাড়াতে ক্ষেত থেকে আগাছা পরিষ্কার ও পোকা দমনে পার্চিং পদ্ধতি ব্যবহার ও সার ছিটানোর কাজে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। 

মঙ্গলবার সকালে উপজেলার জলসুখা ইউনিয়ন ও শিবপাশা ইউনিয়নের বিভিন্ন আমনের মাঠ ঘুরে দেখা গেছে, কৃষকের কষ্টে অর্জিত আমন ধানের সবুজ পাতার রঙে ছেয়ে গেছে মাঠ। কেউ ধানগাছের আগাছা পরিষ্কার করছেন, আবার কেউ সার ও কীটনাশক প্রয়োগ করছেন। এবার রোপা আমন ধানের বাম্পার ফলনের আশা করছেন কৃষকরা। আগামী এক-দেড় মাসের মধ্যে এই ধান ঘরে উঠবে বলে কৃষকরা জানান। 

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি মৌসুমে এই উপজেলার ৫টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় মোট ৬ হাজার ৬৯০ হেক্টর জমিতে বিভিন্ন জাতের রোপা আমন চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। যার উৎপাদনের লক্ষ্যমাত্রা ৩৪ হাজার ৯৫০ মেট্রিক টন রোপা আমন উৎপাদনের আশা করা হচ্ছে বলে জানিয়েছে উপজেলা কৃষি বিভাগ। গত বছরের তুলনায় এবার ফলন বেশি হবে আশা করা হচ্ছে। সেই সাথে কৃষকদের প্রণোদনা প্রদান করার কথাও জানায় কৃষি বিভাগ। 

জলসুখা ইউনিয়নের কৃষক উজ্জ্বল গোপ বলেন, এক বিঘা জমিতে রোপা আমন চাষ করেছি। অনাবৃষ্টিতে শুরুতে একটু সমস্যা হলেও এখন ধানগাছের অবস্থা ভালো। পোকা-মাকড়ের আক্রমণ কম, তাই ভালো ফলন আশা করছি। 

একই ইউনিয়নের ইয়াদ উল্লা বলেন, এ বছর রোপা আমনের অবস্থা তুলনামূলক ভালো। পোকার আক্রমণ থেকে রক্ষা ও ভালো ফলন পেতে সবসময় কৃষি অফিসের পরামর্শ নিয়েছি। শেষ পর্যন্ত এমন থাকলে এবার ভালো ফলন পাওয়া যাবে। তবে সার ও কীটনাশকসহ সবকিছুর দাম বাড়ায় উৎপাদন খরচ বেড়েছে। 

শিবপাশা ইউনিয়নের মুকবুল মিয়া জানান, এ বছর আবহাওয়া অনুক‚লে থাকায় ভালো ফলনের সম্ভাবনা আছে, যা কৃষকদের মুখে হাসি ফোটাবে। 

উপজেলা কৃষি কর্মকর্তা মো. রুহুল আমিনের সঙ্গে মুঠোফোন আলাপ করলে তিনি বলেন, চলতি মৌসুমে উপজেলার ৫টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় মোট ৬ হাজার ৬৯০ হেক্টর জমিতে বিভিন্ন জাতের রোপা আমন চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। উৎপাদনের লক্ষ্যমাত্রা অনুযায়ী ৩৪ হাজার ৯৫০ মেট্রিক টন রোপা আমন উৎপাদনের আশা করা হচ্ছে। মাঠ পর্যায়ে কৃষকের পাশে থেকে বিভিন্ন পরামর্শ দিয়ে আসছি আমরা। 

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

পরিবর্তন হলে আলোচনার মাধ্যমে করতে হবে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
আইনের শাসন ও মানবাধিকার প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: আব্দুল কাইয়ুম চৌধুরী
টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে বালাগঞ্জে বন্যার শ'ঙ্কা
কোম্পানীগঞ্জ সী'মান্তে বৃদ্ধের ম'রদেহ উ'দ্ধার
নবীগঞ্জে রাস্তা বন্ধ করে ৬ পরিবারকে অ*বরুদ্ধ করে রাখার অ*ভিযোগ
ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে সিটি কর্পোরেশন কাজ করছে
ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের শক্তিশালী করলেই বাড়বে অর্থনৈতিক প্রবাহ’- মন্ত্রী খন্দকার মুক্তাদির
‘স্বচ্ছতার বিষয়ে তিনি আমাদের চোখ খুলে দিয়েছেন’- মন্ত্রী আরিফুল হক চৌধুরী
‘মানসম্মত শিক্ষা ছাড়া প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকা সম্ভব নয়’- সিসিক প্রশাসক
গোয়াইনঘাট প্রত্যাশা কিন্ডারগার্টেনে ওয়ার্ল্ড ভিশনের ওয়াশ বিষয়ক সচেতনতা সভা