এলপিজির দাম বৃদ্ধিতে ক্ষোভ, প্রত্যাহার না হলে আন্দোলনের হুঁশিয়ারি
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১০:০৮ PM

এলপিজির দাম বৃদ্ধিতে ক্ষোভ, প্রত্যাহার না হলে আন্দোলনের হুঁশিয়ারি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৫/১০/২০২৬ ০৮:৫৪:৫২ PM

এলপিজির দাম বৃদ্ধিতে ক্ষোভ, প্রত্যাহার না হলে আন্দোলনের হুঁশিয়ারি

ছবি:সংগৃহীত


এলপিজি গ্যাসের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়েছে গ্যাস-বিদ্যুৎ গ্রাহক কল্যাণ পরিষদ। সংগঠনের নেতারা অবিলম্বে সিলিন্ডার গ্যাসের বর্ধিত দাম প্রত্যাহারের দাবি জানিয়েছেন। অন্যথায় রাজপথে আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন তারা।

এক বিবৃতিতে সংগঠনের কেন্দ্রীয় আহ্বায়ক অ্যাডভোকেট সরওয়ার আহমদ চৌধুরী আবদাল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইকবাল হোসেন চৌধুরী ও সদস্য সচিব মকসুদ হোসেন এ দাবি জানান।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, সবচেয়ে বেশি ব্যবহৃত তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) নিয়ে গত দুই সপ্তাহ ধরে বাজারে সরবরাহ সংকট চলছে। এরই মধ্যে সম্প্রতি কোনো ধরনের আলোচনা ছাড়াই রাতের আঁধারে জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির ফলে জনজীবনে মারাত্মক প্রভাব পড়েছে। এর রেশ কাটতে না কাটতেই এলপিজির দাম বাড়ানো ‘মরার ওপর খাঁড়ার ঘা’ হয়ে দাঁড়িয়েছে।

তারা বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে রক্তাক্ত জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের পর সাধারণ মানুষের প্রত্যাশা ছিল স্বস্তি ও বৈষম্যহীন সমাজ। কিন্তু নিত্যপণ্য, গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধি সাধারণ মানুষের ওপর আর্থিক ও মানসিক চাপ আরও বাড়িয়ে দিয়েছে। তাদের প্রশ্ন, এই সরকার কি গ্যাস, বিদ্যুৎ ও নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির সরকারে পরিণত হয়েছে?

নেতৃবৃন্দ বলেন, বর্তমানে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২৫২ টাকা বাড়ানো হয়েছে। অথচ নির্ধারিত দামের চেয়েও গ্রাহকদের ৪০০ থেকে ৫০০ টাকা পর্যন্ত অতিরিক্ত দিয়ে এলপিজি কিনতে হচ্ছে বলে গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। বাজারে কৃত্রিম সংকট তৈরি করে যারা অতিরিক্ত দামে গ্যাস বিক্রি করছে, তাদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না। অথচ সব ধরনের চাপ ও ব্যবস্থা যেন সাধারণ জনগণের ওপরই প্রয়োগ করা হচ্ছে।

বিবৃতিতে তারা আরও বলেন, ঋণখেলাপিদের অবলোপন করা লাখ লাখ কোটি টাকা এবং ক্ষমতার প্রভাব খাটিয়ে যেসব রাজনীতিক, আমলা ও ব্যবসায়ী অবৈধ সুযোগ-সুবিধা নিয়ে অস্বাভাবিক সম্পদের মালিক হয়েছেন, তাদের বিরুদ্ধেও কার্যকর ব্যবস্থা নেওয়া প্রয়োজন। এ অবস্থা চলতে থাকলে এর পরিণতি শুভ হবে না।

সেবা খাতে ভর্তুকি বাড়ানো এবং দেশের রাজস্ব ভান্ডার শক্তিশালী করার লক্ষ্যে ঋণখেলাপিদের অবলোপন করা অর্থ উদ্ধারের পাশাপাশি গণমাধ্যমে প্রকাশিত অস্বাভাবিক সম্পদের মালিকদের সম্পদের বিষয়ে তদন্ত ও আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।

নেতৃবৃন্দ সাধারণ মানুষের দুর্ভোগের কথা বিবেচনা করে অবিলম্বে এলপিজি সিলিন্ডারের বর্ধিত দাম প্রত্যাহারের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান। অন্যথায় গ্যাস-বিদ্যুৎ গ্রাহক কল্যাণ পরিষদ রাজপথে আন্দোলনে নামবে বলে হুঁশিয়ারি দেন তারা।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

সুন্দর নগর গড়তে প্রতিটি ওয়ার্ডে হবে পরিকল্পিত উন্নয়ন- আব্দুল কাইয়ুম চৌধুরী
নতুন রূপে আবারও খুলছে জালালাবাদ পার্ক
সিলেট জেলায় ৬৩৬ মণ্ডপে দুর্গাপূজার আয়োজন
সিলামে রাসেল হ/ত্যা: ২২ জনের নাম উল্লেখ করে মামলা
কোম্পানীগঞ্জে ট্রাকভর্তি ভারতীয় ম/দ উদ্ধার, আ/টক ২
সিলেটের ক্রিকেটে পৃষ্ঠপোষকতার স্বীকৃতি, শাহেদ শামসকে সংবর্ধনা
আজমিরীগঞ্জে খানাখন্দে ভরা সড়কে ভো'গান্তিতে যাত্রীরা
সিলেটে ২৪ ঘণ্টায় গ্রে'প্তার ৪৬ জন, ১৫২টি যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা
সিলেট থেকে আরও প্রতিভাবান ক্রিকেটার তুলে আনা হবে -সিসিক প্রশাসক
আখতারুজ্জামানের জামিন শুনানিকে ঘিরে আদালতে বিএনপি-জামায়াতপন্থী আইনজীবীদের হা/তাহাতি