হবিগঞ্জের বানিয়াচং উপজেলার মুরাদপুর (পাহাড়পুর) গ্রামে জমি দখলকে কেন্দ্র করে দুইপক্ষের মাঝে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে মহিদ মিয়া (৩৫) নামের এক ব্যক্তি ট্যাঁটাবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন। এছাড়া সংঘর্ষে আহত হয়েছেন আরও অন্তত ৯ জন।
জানা যায়, ওই গ্রামের কাজল মিয়া ও মহিবুর রহমানের সাথে দীর্ঘদিন ধরে জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এরই প্রেক্ষিতে বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকালে দুইপক্ষের মাঝে বাকবিতণ্ডার সৃষ্টি হয়। এর এক পর্যায়ে তারা সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে দুইপক্ষের অন্তত ১০ জন আহত হন। আহতদের উদ্ধার করে স্থানীয়রা হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য গুরুতর আহত মহিদ মিয়াকে সিলেট এমএজি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
এ বিষয়ে বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত আছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি।
জৈন্তা বার্তা/আরআর




