হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ থানা এলাকা থেকে ডাকাতদলের মূল হোতা ও পলাতক আসামি ল্যাংড়া তালেবকে গ্রেফতার করেছে র্যাব-৯।
শনিবার (১৫ ফেব্রুয়ারি) র্যাবের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, র্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বেলা ২টায় শায়েস্তাগঞ্জ থানাধীন অলিপুর রেলক্রসিং এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় শায়েস্তাগঞ্জ থানার মামলা নং-০৩, তাং-০৫/০২/২০২৫ খ্রি., ধারা ৩৯৬, পেনাল কোড ১৮৬০ মূলে খুনসহ ডাকাতি মামলার এক পলাতক আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয় র্যাব।
গ্রেফতারকৃত আসামির নাম আবু তালেব ওরফে ল্যাংড়া তালেব। তিনি শায়েস্তাগঞ্জের উবাহাটা গ্রামের মৃত আব্দুল শহিদের ছেলে।
র্যাব জানিয়েছে, পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামিকে শায়েস্তাগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও ডাকাত চক্রগুলোকে গ্রেফতারের লক্ষ্যে র্যাব-৯ এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।
জৈন্তা বার্তা/আরআর




