হবিগঞ্জে শহীদ মিনারে মাছের বাজার! উদযাপন করা যায়নি মাতৃভাষা দিবস
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১০:৩৫ AM

হবিগঞ্জে শহীদ মিনারে মাছের বাজার! উদযাপন করা যায়নি মাতৃভাষা দিবস

মুজাহিদ মসি, মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৩/০২/২০২৫ ১২:৫৪:৪৯ PM

হবিগঞ্জে শহীদ মিনারে মাছের বাজার! উদযাপন করা যায়নি মাতৃভাষা দিবস

ছবি : সংগৃহীত


শহীদ মিনার দখল করে এর সামনে বসেছে মাছের বাজার। ফলে স্থানীয় বাসিন্দারা গত শুক্রবার আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করতে পারেননি। এছাড়া স্থানীয় বাজারের ব্যবসায়ীরা শহীদ মিনার দখল করে এর পবিত্রতা ভঙ্গ ও অসম্মান করছেন বলেও অভিযোগ পাওয়া গেছে। চিত্রটি হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের নোয়াহাটি বাজারের। 

স্থানীয়দের অভিযোগ, এলাকার শিক্ষার্থীরা দীর্ঘদিন থেকে শহীদ মিনারটিকে পরিষ্কার-পরিচ্ছন্ন করে একুশে ফেব্রুয়ারি কর্মসূচি পালন করতে চেয়েছিল। কিন্তু বাজার কমিটি ও একটি বিশেষ মহলের বাধার কারণে এটি সহজে করা হয়ে উঠছে না। পাশে ট্রাক-লরি শ্রমিক ইউনিয়নের আঞ্চলিক কার্যালয়ের অফিস থাকার কারণেও শহীদ মিনারের পরিবেশ নষ্ট হচ্ছে। এ নিয়ে স্থানীয়রা দীর্ঘদিন থেকে তীব্র প্রতিবাদ জানিয়ে আসছেন। মৌখিকভাবে অনেকবার স্থানীয় প্রশাসন ও ইউপি চেয়ারম্যানকে অবগত করলেও কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। এছাড়া একটি মহল এই শহীদ মিনারটি উচ্ছেদ করারও পাঁয়তারা করছে বলেও অভিযোগ পাওয়া গেছে। 

জানা যায়, এক যুগ আগে শাহজাহানপুর ইউনিয়ন পরিষদের বরাদ্দে নির্মিত হয় ওই পাকা শহীদ মিনারটি। কিন্তু কয়েক বছর যেতে না যেতেই দোকানদাররা এটি দখল করতে শুরু করেন। এর আশপাশে বাজার থাকায় বাজার কমিটি এটি রক্ষণাবেক্ষণে কোনো ব্যবস্থা না নিয়ে উল্টো সেখানে মাছের বাজার বসিয়েছে। 

সরেজমিনে গিয়ে দেখা যায়, শহীদ মিনার চত্বরে ময়লা-আবর্জনার স্ত‚প। জুতা পায়ে দিয়ে মাছ ব্যবসায়ীরা এর উপরে বসে আছেন। চারপাশে দোকানপাট। মিনারের চারপাশেও ময়লা-আবর্জনার স্ত‚প। সব মিলিয়ে শহীদ মিনারের পরিবেশ অত্যন্ত অসম্মানজনক। 

স্থানীয় বাসিন্দা জাহাঙ্গীর জয় বলেন, বাজারের শহীদ মিনারের এই হাল আমাদের জাতির জন্য লজ্জার। দ্রæত এটি সংরক্ষণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন। 

এ ব্যাপারে জানতে চাইলে ওই বাজার কমিটির সভাপতি ও ইউপি সদস্য শাহজাহান মিয়া বলেন, শহীদ মিনারে কোনো সমস্যা হয়নি। মাছের বাজার শহীদ মিনার থেকে অনেক দূরে থাকার কথা। বিষয়টি পুরোপুরি আমি জানি না। খোঁজ-খবর নিয়ে দেখবো। 

যোগাযোগ করা হলে মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহিদ বিন কাসেম বলেন, শহীদ মিনারের এরকম বেহাল অবস্থা ও মাছ বাজার থাকার বিষয়টি অত্যন্ত দুঃখজনক। বিষয়টি আমি অবগত নই। খোঁজ-খবর নিয়ে অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো। 

জৈন্তাবার্তা / রহমান