সংগৃহীত
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচন নিয়ে অনিশ্চয়তার প্রতিবাদে ক্লাস ও পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছেন পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের ১৭তম ব্যাচের শিক্ষার্থীরা।
মঙ্গলবার (২০ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে শিক্ষার্থীরা জানান, দীর্ঘদিন ধরে শাকসু নির্বাচন না হওয়ায় সাধারণ শিক্ষার্থীরা তাদের গণতান্ত্রিক ও সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। তারা অভিযোগ করেন, বারবার নির্বাচনের তারিখ ঘোষণা করেও তা স্থগিত করা বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক চর্চা ও প্রাতিষ্ঠানিক স্বচ্ছতার পরিপন্থী।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এ ধরনের সিদ্ধান্ত শিক্ষার্থীদের মধ্যে তীব্র অসন্তোষ সৃষ্টি করেছে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি আস্থার সংকট তৈরি হয়েছে। শিক্ষার্থীরা দ্রুত শাকসু নির্বাচন সংক্রান্ত সব প্রশাসনিক ও আইনি জটিলতা নিরসনের পাশাপাশি একটি নির্দিষ্ট ও গ্রহণযোগ্য নির্বাচনী তারিখ ঘোষণার দাবি জানান।
শিক্ষার্থীদের পক্ষ থেকে জানানো হয়, এসব দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা ক্লাস ও পরীক্ষাসহ সব ধরনের একাডেমিক কার্যক্রম বর্জন করবেন। একই সঙ্গে তারা দাবি করেন, তাদের কর্মসূচি শান্তিপূর্ণ ও যৌক্তিক।বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, যদি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই দাবিকে উপেক্ষা করে, তাহলে ভবিষ্যতে ক্যাম্পাসে যে কোনো ধরনের একাডেমিক বা প্রশাসনিক অচলাবস্থার দায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকেই নিতে হবে।
জৈন্তাবার্তা/সুলতানা




