জেলা স্টেডিয়ামগুলোকে পূর্ণাঙ্গ ক্রীড়া কমপ্লেক্স করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৪:২১ AM

জেলা স্টেডিয়ামগুলোকে পূর্ণাঙ্গ ক্রীড়া কমপ্লেক্স করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৬/১০/২০২৬ ০৪:০৭:২৯ PM

জেলা স্টেডিয়ামগুলোকে পূর্ণাঙ্গ ক্রীড়া কমপ্লেক্স করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী

ছবি:সংগৃহীত


নতুন করে বড় কোনো অবকাঠামো নির্মাণের পরিবর্তে দেশের বিদ্যমান জেলা স্টেডিয়ামগুলো আধুনিকায়ন করে পূর্ণাঙ্গ ক্রীড়া কমপ্লেক্স হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্ব দিচ্ছে সরকার বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।

মঙ্গলবার (৬ অক্টোবর) মৌলভীবাজারের শ্রীমঙ্গলে নবনির্মিত ক্রিকেট একাডেমির উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, নতুন অবকাঠামো নির্মাণের আগে বিদ্যমান মাঠ ও স্টেডিয়ামগুলোকে সর্বোচ্চ ব্যবহারোপযোগী করাই সরকারের প্রধান লক্ষ্য। দেশের সব জেলা স্টেডিয়ামকে স্বয়ংসম্পূর্ণ করতে একটি বড় প্রকল্প হাতে নেওয়া হয়েছে। বর্তমানে প্রকল্পের উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) প্রণয়নসহ প্রয়োজনীয় কার্যক্রম চলছে।

তিনি বলেন, প্রকল্পের আওতায় প্রতিটি জেলা স্টেডিয়ামে পূর্ণাঙ্গ গ্যালারি, আধুনিক ড্রেসিং রুম, প্রেস বক্সসহ প্রয়োজনীয় সব সুযোগ-সুবিধা নিশ্চিত করা হবে। শুধু ফুটবল বা ক্রিকেট নয়, সাঁতার, ভলিবল, টেবিল টেনিস, দাবা, আর্চারি, শুটিং ও হকিসহ বিভিন্ন খেলাধুলার অনুশীলনের সুযোগও তৈরি করা হবে।

তৃণমূল থেকে জাতীয় পর্যায় পর্যন্ত খেলাধুলার শক্তিশালী কাঠামো গড়ে তোলার ওপর গুরুত্ব দিয়ে আমিনুল হক বলেন, তরুণ প্রজন্মকে মাদক ও নানা সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। এ লক্ষ্যে দেশের প্রতিটি ইউনিয়ন পর্যায়ে খেলার মাঠ এবং শহরের ওয়ার্ড পর্যায়ে ফুটসাল বা ছোট মাঠ তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, শিশু-কিশোরদের খেলাধুলায় উৎসাহিত করতে আগামী শিক্ষাবর্ষ থেকে চতুর্থ শ্রেণি থেকেই খেলাধুলা বিষয়ক পাঠ্যপুস্তক সংযোজনের সরকারি পরিকল্পনা রয়েছে।

আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে বাংলাদেশের লক্ষ্য তুলে ধরে ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, বৈশ্বিক প্রতিযোগিতায় শুধু অংশগ্রহণ নয়, বাংলাদেশ এখন সরাসরি পদকের জন্য লড়াই করতে চায়। আগামী পাঁচ বছরের মধ্যে অলিম্পিক, এশিয়ান গেমস ও কমনওয়েলথ গেমসের মতো বড় আসরে শক্তিশালী অবস্থান তৈরির লক্ষ্যে দীর্ঘমেয়াদি প্রস্তুতি ও বছরব্যাপী প্রশিক্ষণ কার্যক্রম হাতে নেওয়া হয়েছে।

দেশের বেদখল হয়ে থাকা খেলার মাঠগুলো উদ্ধারে সরকারের কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করে তিনি বলেন, মৌলভীবাজারের রেলওয়ে মাঠসহ সারা দেশে অবৈধভাবে দখল হয়ে থাকা মাঠগুলো দ্রুত দখলমুক্ত করে খেলাধুলার উপযোগী করতে জেলা ও উপজেলা প্রশাসনকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

এর আগে ক্রীড়া প্রতিমন্ত্রী শ্রীমঙ্গল ক্রিকেট একাডেমির ড্রেসিং রুমসহ বিভিন্ন অবকাঠামো ঘুরে দেখেন। পরে শ্রীমঙ্গলে মিনি স্টেডিয়াম নির্মাণের লক্ষ্যে প্রস্তাবিত স্থান সরেজমিনে পরিদর্শন করেন। এরপর তিনি শ্রীমঙ্গল ভাড়াউড়া ফুটবল মাঠ পরিদর্শন করেন।

এ সময় উপস্থিত ছিলেন মৌলভীবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মামুনুর রশীদ, শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিয়াউর রহমান, সহকারী পুলিশ সুপার মো. ওয়াহিদুজ্জামান রাজু, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক সরফরাজ আহমদ সরফুসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, ক্রীড়া সংগঠক ও গণমাধ্যমকর্মীরা।

পরে বিকেলে ক্রীড়া প্রতিমন্ত্রী গ্র্যান্ড সুলতান টি রিসোর্টে মৌলভীবাজারে সম্মিলিত ক্রীড়া পরিষদের আয়োজনে ‘জয়েন্ট স্পোর্টস কাউন্সিল, মৌলভীবাজার’-এর অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা রয়েছে।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

ভূবি ছড়া দখলমুক্ত ও পরিষ্কার রাখার উদ্যোগ
গোয়াইনঘাটে অ/বৈধ বালু উত্তোলনের বি/রুদ্ধে অভিযান, জরিমানা ১.৫ লাখ
বিদেশে শ্রমিক পাঠাতে নতুন কোনো সিন্ডিকেট করতে দেওয়া হবে না: প্রবাসী কল্যাণমন্ত্রী
প্রবাসী কর্মীদের মৃ/ত্যু বাড়ছে, ৯ মাসে দেশে এসেছে ৪ হাজার ৬০টি ম/রদেহ
দখলমুক্ত হচ্ছে শ্রীমঙ্গলের রেলওয়ে মাঠ, নির্মাণ হবে মিনি স্টেডিয়াম
জেলা স্টেডিয়ামগুলোকে পূর্ণাঙ্গ ক্রীড়া কমপ্লেক্স করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী
‘ঘুষ খাওয়া লাগবে’ বলে ভাইরাল হবিগঞ্জের সেই এসআই ক্লোজড
সিলেটে ২৪ ঘণ্টায় গ্রে'প্তার ৩৩ জন
সিলেটে আগামী ৫ দিন বৃষ্টিপাতের সম্ভাবনা
ইলিশের অভয়াশ্রমে ২২ দিনের নি*ষেধাজ্ঞা, চাল পাবেন জেলেরা