ছবি:সংগৃহীত
সিলেটের প্রতিশ্রুতিশীল ও ঐতিহ্যবাহী নাট্য সংগঠন নাট্যমঞ্চ সিলেট গৌরবময় ৩৫ বছর অতিক্রম করে ৩৬তম বছরে প্রবেশ করলো গত রোববার (৭ ডিসেম্বর)। এই বিশেষ দিনটি স্মরণীয় করে রাখতে নগরীর সারদাহল সংলগ্ন সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের মহড়াকক্ষে আয়োজন করা হয় চমকপ্রদ সাংস্কৃতিক সন্ধ্যা ‘আগুনের পরশমণি’।
অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিল ঐন্দ্রিলা মজুমদার অর্ণার রচনায় এবং বর্ণা ব্যানার্জীর নির্দেশনায় পরিবেশিত নাটিকা ‘কাঁটাতার’। পাশাপাশি আবৃত্তি, নাচ, গান, একক অভিনয়সহ নানা পরিবেশনায় রঙ ছড়ান নাট্যমঞ্চ সিলেটের শিল্পীরা। তাদের পরিবেশনায় উঠে আসে মানবতার বার্তা-‘এই পৃথিবী শুধু মানুষের নয়, এটি সকল প্রাণীর। বোবা প্রাণীদের ক্ষতি না করে পৃথিবীকে বাসযোগ্য করার দায়িত্ব আমাদেরই।’
সাংস্কৃতিক সন্ধ্যায় বাপ্পী কুমার মজুমদার, জান্নাতুল নাজনীন আশা, বর্ণা ব্যানার্জী, আদিব, স্বর্ণা, অমি, বিলাস, তৃষা, শুভ এবং শিশুশিল্পী লাবিবা ও দিয়ন্তি মনোমুগ্ধকর পরিবেশনা উপহার দেন। উপস্থিত ছিলেন সিলেটের বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব, নাট্যকর্মী এবং সংগঠনের শুভানুধ্যায়ী সকলে।
১৯৯০ সালের ৭ ডিসেম্বর একদল উদ্যমী তরুণের হাত ধরে যাত্রা শুরু করে নাট্যমঞ্চ সিলেট। জন্মলগ্ন থেকে সংগঠনটি নিয়মিত নাট্যচর্চার পাশাপাশি সিলেটজুড়ে অসংখ্য গণনাটক পরিবেশন করে মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছে। জাতীয় লোক নাট্যোৎসব, জাতীয় নাট্যোৎসব, জাতীয় পথনাট্যোৎসব এবং ‘মঞ্চে তারুণ্য”’সম্মাননা আয়োজনও নাট্যমঞ্চের উল্লেখযোগ্য সাফল্যের অংশ।
অনুষ্ঠান শেষে সংগঠনের সাধারণ সম্পাদক বাপ্পী মজুমদার সকল দর্শক, শিল্পী ও অতিথিকে ধন্যবাদ জানান।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




